দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিজান (১৮) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতী গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজান ইসলাম ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে মিজান ইসলাম সীমান্তে ৮২৬/১-এস পিলারের কাছে নিজের ধানক্ষেতে পানি দিতে যান। এসময় ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় অবস্থানকালে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মিজান কাঁধে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার খবরে স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটক ওই ব্যক্তি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছেন।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পতাকা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
জে আই